বিসিএস পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষায় নম্বর কমানো হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধন করে এ ফি ও নম্বর কমানো হয়েছে।
এর মাধ্যমে বিসিএসে আবেদনে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ‘অনগ্রসর’ জনগোষ্ঠীর জন্য ফি ধরা হয়েছে ৫০ টাকা।
আর বিসিএস-এর মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করা হয়েছে ১০০। তাছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।
বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ এর উপবিধি ৪ (ক) সংশোধন করে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ৭০০ টাকা আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।
বিধি ৯ এর উপবিধি ৪ (খ) সংশোধন করে ‘অনাগ্রসর’ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি ৫০ টাকা করা হয়েছে।
বিধি ১৪ এর উপবিধি (১) সংশোধন করে বিসিএস পরীক্ষার আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরকে ৩২ বছর করা হয়েছে। এই বিধির উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।
আর বিধি ১৮ সংশোধন করে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০-এর পরিবর্তে করা হয়েছে ১০০ এবং মোট নম্বর ১১০০ পরিবর্তন করে করা হয়েছে ১০০০।
এসব সংশোধনী গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।





