৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর ।
সেদিন সকাল ১০টা থেকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে আবেদন জমা দেওয়া যাবে।
গত ১০ ডিসেম্বর এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ‘ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর এ কার্যক্রম শুরুর ঘোষণা দেয় পিএসসি।
বিসিএসের আবেদন ফি-মৌখিক পরীক্ষার নম্বর কমলো
৪৭তম বিসিএস-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী বছরের মে মাসে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা।
প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য কাটা যাবে ০ দশমিক ৫০ নম্বর।
এই বিসিএস-এর লিখিত পরীক্ষা নেওয়া হবে আটটি বিভাগীয় শহরে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।





