১৬০৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জেমসটাউনে সদ্য গড়া বসতির উদ্দেশে যাত্রা করে নয়টি জাহাজ। কিন্তু জাহাজগুলো আটলান্টিক মহাসাগর পার হওয়ার সময় এক হারিকেন সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এর মধ্যে ৮টি জাহাজ ভার্জিনিয়া পৌঁছালেও একটি নিখোঁজ হয়ে যায়। কিন্তু সেই জাহাজের যাত্রীরা দু’টি নৌকায় করে ভার্জিনিয়া পৌঁছায় ১০ মাস পর। ১০ মাস আগের সেই হারিকেন ওই জাহাজটিকে বারমুডার তীরে বিধ্বস্ত করেছিল। তারপর বিধ্বস্ত জাহাজটির ধ্বংসাবশেষ থেকে নৌকা বানিয়ে ভার্জিনিয়া যাত্রা করে তারা।
এ সমুদ্রযাত্রা এবং ঝড় যা বসতি স্থাপনকারীদের সাময়িকভাবে বারমুডায় থাকতে বাধ্য করেছিল তার বিবরণ ১৬১০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রকাশিত হয়। এ বিবরণ যারা পড়েছিলেন তাদের মধ্যে একজন হলেন বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। এ পড়া থেকে অনুপ্রাণিত হয়ে শেক্সপিয়ার ঘটনাটির ওপর ভিত্তি করে নাটক লিখতে লেগে গেলেন। সেই নাটক প্রথম মঞ্চস্থ হলো ১৬১২ খ্রিস্টাব্দে। বিখ্যাত সেই নাটকটির নাম ছিল ‘দি টেমপেস্ট’ যার শাব্দিক অর্থ ‘প্রচণ্ড ঝড়’।




