আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত দেশ মরক্কোর দক্ষিণ সীমান্তের ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিমে আটলান্টিক মহাসাগরে স্প্যানিশ দ্বীপপুঞ্জ ক্যানারি আইল্যান্ড। এর নাম ‘ক্যানারি’ হলেও হলুদ রঙের সুন্দর ক্যানারি পাখিটির নামে কিন্তু এর নামকরণ হয়নি। বরং মজার বিষয় হলো এর নামকরণ হয়েছে কুকুরের নামে। ব্যাপারটি কেমন কেমন লাগলেও নামটি এসেছিল ল্যাটিন Canariae Insulae থেকে যার অর্থ ‘কুকুরের দ্বীপ’। ল্যাটিন ভাষায় কুকুরকে বলা হয় Canaria।
প্রচলিত আছে যে যখন প্রাচীন রোমানরা প্রথম এখানে পৌঁছে তখন তারা অনেক বন্য কুকুরকে দ্বীপগুলোতে ঘুরে বেড়াতে দেখে। ইতিহাসবেত্তা পিনি দি এলডার-এর মতে মৌরিতানিয়ার রাজা ২য় জুবা এই দ্বীপের এমন নাম দিয়েছিলেন কারণ দ্বীপটিতে ছিল বড় বড় আকারের বিপুল সংখ্যক কুকুর।
আরেক সূত্র মতে, আসলে কুকুর বলতে বোঝানো হয়েছিল সিল মাছকে যেগুলো তখন ছিল অনেক বেশি সংখ্যায় কারণ ল্যাটিন ভাষায় নামটি ছিল canis marinus মানে সমুদ্রের কুকুর।
এমন কথাও প্রচলিত আছে যে দ্বীপপুঞ্জের আদি অধিবাসী গুয়াঞ্চেসরা কুকুরকে পূজা করতো। তারা কুকুরকে মমি বানিয়ে রাখত এবং গণ্য করত পবিত্র পশু হিসেবেও।
ক্যানারি আইল্যান্ডের পতাকাতেও আছে দু’টি কুকুরের ছবি। পরে অবশ্য হলুদ রঙের সুন্দর ফিঞ্চ পাখিটির নাম ক্যানারি পাখি হয়ে যায় এই দ্বীপপুঞ্জের নাম থেকেই।
* প্রবীর বড়ুয়া
Prabir Barua





