ইংরেজিতে একটি প্রবাদ আছে `An apple a day keeps the doctor away’ অর্থাৎ প্রতিদিন একটি আপেল খেলে আপনাকে আর ডাক্তারের কাছাকাছি যেতে হবে না মানে আপনি সুস্থ থাকবেন। প্রতিদিন একটি আপেল খেলেই যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না ব্যাপারটি পুরোপুরি সেরকম না হলেও আসলে আপেলের উপকারিতা বুঝাতে গিয়েই কথাটি প্রচলিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে উপকারি আপেলটির ভিতরেই লুকিয়ে রয়েছে বিষ?
আপেলের বিচির মধ্যে আছে অ্যামিগডেলিন যা বিযোজিত হয়ে বিষাক্ত বেনজালডিহাইড ও প্রুসিক অ্যাসিডে (হাইড্রোজেন সায়ানাইড) পরিণত হয়।
পটাশিয়াম সায়ানাইড প্রাণহানিকর হলেও এ সায়ানাইড কিন্তু তেমন প্রাণহানিকর নয়। তাছাড়া আপেল বিচির শক্ত আবরণের কারণে আপনি কোনো সময় একটি গিলে ফেললেও ভয়ের কিছু নেই। এটি পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে মলত্যাগের মাধ্যমে বেরিয়ে যাবে।
আবার আপনি যদি বিচিটি পুরোপুরি চিবিয়ে খেয়ে ফেলেন তাহলে হয়তো তার ভিতরে থাকা বিষের সংস্পর্শে আসতে পারে আপনার পাকস্থলি। এ সামান্য পরিমাণ বিষকে ধ্বংস করার ক্ষমতা আপনার শরীরের আছে। তবে একসাথে অনেকগুলো আপেল বিচি চিবিয়ে খেলে ক্ষতিকর হলেও হতে পারে। তাই আপেল খেতে গিয়ে এ সতর্কতাটুকু মেনে চলাই ভালো।
* প্রবীর বড়ুয়া





